২৩ জানুয়ারি ২০২৬, ০৬:০০ পি.এম

ঝালকাঠিতে জমকালো আয়োজনে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন

ঝালকাঠিতে জমকালো আয়োজনে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন

ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। বসন্ত পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত এই পূজায় দেবী সরস্বতীকে সংগীত, শিল্পকলা, বিদ্যা ও বুদ্ধির দেবী হিসেবে ভক্তরা গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে আরাধনা করেন। এ উপলক্ষে শিশুদের হাতে খড়ি দেওয়ার প্রচলনও রয়েছে। শাস্ত্র মতে, ঋগ্বেদে দেবী সরস্বতীর উল্লেখ পাওয়া যায়। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে দেবীর অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সূচনা হয়। পূজা শেষে শিক্ষার্থীরা বিদ্যা ও বুদ্ধির প্রার্থনায় দেবীর চরণে অঞ্জলি প্রদান করে।

=ঝালকাঠি পৌর শহরে শতাধিক স্থায়ী ও অস্থায়ী মণ্ডপ, বাসাবাড়ি এবং বিভিন্ন স্কুল-কলেজে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। বিভিন্ন মন্দির ঘুরে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে পূজা চলছে। নজরকাড়া আলোকসজ্জা ও বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দে মেতে ওঠেন ভক্তরা। সন্ধ্যায় বিভিন্ন মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁদকাঠি ঠাকুরবাড়ি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কৌশিক দাস কুষাণ জানান, শনিবার (২৪ জানুয়ারি) ঘট বিসর্জনের মধ্য দিয়ে বিদ্যার দেবী সরস্বতী পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।