৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ পি.এম

পল্লবীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

পল্লবীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

নিজস্ব  প্রতিবেদক: রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন মাসুম (৩০), তার স্ত্রী সুমী (২৫), তাদের সন্তান মিনহাজ (৪) ও আসহাব (২)।বৃহস্পতিবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।পল্লবী থানার ডিউটি অফিসার এএসআই শাহীন আলম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিরপুর ১১ নম্বর সেকশনের (পল্লবী) বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবন বিহারি ক্যাম্পে তাদের লাশ পাওয়া যায়। আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো একসময় তাদের মৃত্যু হয়।পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুদের হত্যার পর ওই বিহারি দম্পতি আত্মহত্যা করেন।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তারা কী কারণে এমন ঘটনা ঘটিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।তবে স্থানীয়রা বলছেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।