চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল প্রস্তুত করার সময় এক ভয়াবহ বিস্ফোরণে ২ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফাটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আবুল কালামের বাড়িতে ভোরে একদল লোক সমবেত হয়ে ককটেল তৈরির কাজ করছিল। কাজ চলাকালীন হঠাৎ একটি ককটেলের আকস্মিক বিস্ফোরণ ঘটলে পুরো বাড়িটি লণ্ডভণ্ড হয়ে যায়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় দুজনের মৃত্যু হয়। বিকট শব্দে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয়রা ধ্বংসস্তূপ থেকে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। আহতরা হলেনÑ ফাটাপাড়া গ্রামের মো. মিনহাজ (২২), মো. বজলুর রহমান (২০) এবং রাণীহাটি ইউনিয়নের উপরধুমি গ্রামের মো. শুভ (২০)। তাদের উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, ককটেল তৈরির সময় অসাবধানতাবশত এই হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং বিস্ফোরণের কারণ ও এর নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।