গাজীপুর মহানগরীতে অপরাধ দমনে জোরদার তৎপরতার অংশ হিসেবে সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, ছিনতাইকারী ও মাদকসেবী রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার চারটি আভিযানিক টিম পৃথক পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, ৬ জন ছিনতাইকারী ও ৩০ জন মাদকসেবী রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।