নিজস্ব প্রতিবেদক : ঢাকা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণ উন্নয়ন প্রচেষ্টা (GUD) নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার বিরুদ্ধে ঋণ দেওয়ার প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন নারী উদ্যোক্তা মিতু আক্তার। রবিবার (১৫ মার্চ ২০২৬) রাজধানীর ঢাকা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিতু আক্তার জানান, গণ উন্নয়ন প্রচেষ্টা (GUD) কবরিবাজার শাখা, রাউজান ডিভিশনাল অফিস এবং ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত প্রধান শাখার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, সংস্থাটি তাকে ৩০ কোটি টাকা ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন সময় ব্যাংক ও নগদ লেনদেনের মাধ্যমে মোট ৬ কোটি টাকা গ্রহণ করে।
তিনি আরও জানান, ২০২২ সালের ২১ অক্টোবর থেকে ২০২৪ সালের ৬ নভেম্বর পর্যন্ত ধাপে ধাপে এই অর্থ গ্রহণ করা হয়। একজন নারী উদ্যোক্তা হিসেবে কাশিমনগর স্ট্যান্ড মোড়ে একটি অটো রাইসমিল স্থাপনের উদ্দেশ্যে তিনি এই ঋণের জন্য আবেদন করেছিলেন। কিন্তু নির্ধারিত ঋণ প্রদান না করে উল্টো তার দেওয়া অর্থ আত্মসাতের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মিতু আক্তার বলেন, বিষয়টি একাধিকবার ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত গণ উন্নয়ন প্রচেষ্টার প্রধান কার্যালয়কে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত হিসেবে ১২ জনের নাম উল্লেখ করেন। তাদের মধ্যে রয়েছেন শাখা ব্যবস্থাপক আল মামুন মোল্লা, হিসাবরক্ষক আবুল বাসার, মানিক মোল্লা, আরিফ হোসেন শেখ, জাকির হোসেন বাবুল, মাসুদ শেখ, রইছ খন্দকার ওরফে রাইহান ইসলাম, হেলাল কাজী, রইছ সিকদার, শফিকুল ইসলাম বাবুল, বি এম নুরুজ্জামান ও কাজিজ ফাতেমা। তিনি অভিযোগ করেন, এসব ব্যক্তি বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে ৬ কোটি টাকা গ্রহণ করেছেন। এ ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি করেন।
এ বিষয়ে ইতোমধ্যে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। মামলার এফআইআর নম্বর ২৬/২৯২, তারিখ ১৫ নভেম্বর ২০২৪। সংবাদ সম্মেলনে মিতু আক্তার সমাজকল্যাণ ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে ন্যায়বিচারের দাবি জানান। তিনি বলেন, একজন নারী উদ্যোক্তা হিসেবে তার জীবনের সব সঞ্চয় এই প্রকল্পে বিনিয়োগ করেছেন এবং দ্রুত বিচার না পেলে তিনি চরম অনিশ্চয়তার মধ্যে পড়বেন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।