১৬ মার্চ ২০২৬, ০৪:১৪ পি.এম

জিয়ার খাল কাটা কর্মসূচির গুরুত্ব ফের আলোচনায়—গাজীপুরে পুনঃখনন শুরু

জিয়ার খাল কাটা কর্মসূচির গুরুত্ব ফের আলোচনায়—গাজীপুরে পুনঃখনন শুরু
দেশের কৃষি, পরিবেশ ও প্রাকৃতিক জলপ্রবাহ রক্ষায় একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খাল কাটা কর্মসূচি আবারও নতুন করে আলোচনায় এসেছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হওয়া ঐতিহাসিক এই কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে গাছা ও টঙ্গীতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৬ মার্চ) গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ডের নিমতলী বালুর মাঠ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণমূলক কাজের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আলম স্বপন এমপি।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের পরিবেশ সুরক্ষা, কৃষি উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের বিভিন্ন জেলায় খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একসময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি উন্নয়ন ও সেচ ব্যবস্থাকে শক্তিশালী করতে যে খাল কাটা কর্মসূচি চালু করেছিলেন, তা গ্রামীণ অর্থনীতি ও কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। পরবর্তীতে খালেদা জিয়ার সরকারের সময়ও এই কর্মসূচি পুনরায় জোরদার করা হয়।

বিশ্লেষকদের মতে, দেশের অনেক খাল দখল ও ভরাট হয়ে যাওয়ায় প্রাকৃতিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে, যার ফলে একদিকে যেমন জলাবদ্ধতা তৈরি হচ্ছে, অন্যদিকে কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। খাল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক হলে কৃষি জমিতে সহজে সেচ দেওয়া সম্ভব হবে এবং উৎপাদনও বাড়বে। পাশাপাশি মৎস্যসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্ত্রী আরও বলেন, দ্রুত নগরায়নের ফলে গাজীপুরে খাল-নদী দখল ও দূষণের ঝুঁকি বেড়েছে। তাই প্রাকৃতিক জলাধার রক্ষা, দূষণ বন্ধ এবং শিল্পকারখানাগুলোতে ইটিপি স্থাপনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। খাল পুনঃখননের পাশাপাশি এর নিয়মিত রক্ষণাবেক্ষণ, সবুজায়ন এবং পর্যটন সম্ভাবনাও তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, টঙ্গী-গাছা এলাকার গুরুত্বপূর্ণ গাছা খাল পুনঃখনন হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।  তিনি জানান, সরকারের উদ্যোগে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা দেশের কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. ওয়ালি-উল-হক, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)-এর মহাপরিচালক মোহাম্মদ লুৎফর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মন্ত্রী খালের পাড়ে বৃক্ষরোপণ করেন এবং খাল পুনঃখনন কর্মসূচির সফল বাস্তবায়নে প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।