৮ এপ্রিল ২০২৬, ১২:২০ পি.এম

যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের

যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে ইরান একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তি নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সম্মতিতে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে ইরানের পক্ষ থেকে বলা হয়, এই যুদ্ধবিরতিকে তারা ‘ইরানের বিজয়’ হিসেবে দেখছে। পরিষদ জোর দিয়ে উল্লেখ করেছে যে, এটি যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি নয়, বরং স্থায়ী সমাধানের দিকে একটি প্রাথমিক পদক্ষেপ।পুরো প্রক্রিয়াটি সফল হয়েছে পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতায়। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই অস্থায়ী বোঝাপড়া গড়ে উঠেছে। ইরানের বিবৃতিতে পাকিস্তানের এই ভূমিকার প্রশংসা করা হয়েছে।

চুক্তি অনুসারে, স্থায়ী যুদ্ধবিরতি ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হবে ইসলামাবাদে। আগামী শুক্রবার থেকে এই বৈঠক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। উভয় পক্ষের প্রতিনিধিরা সেখানে মুখোমুখি বসে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার উপায় খুঁজবেন।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এই চুক্তিকে ইতিবাচক হিসেবে তুলে ধরলেও সতর্ক করে বলেছে যে, যুক্তরাষ্ট্রের ওপর পূর্ণ আস্থা নেই। তবে দুই সপ্তাহের এই সময়কে কূটনৈতিক সুযোগ হিসেবে ব্যবহার করা হবে।

এদিকে যুদ্ধবিরতির খবরে রাজপথে নেমে উল্লাস করেছেন তেহরানের বাসিন্দারা। স্থানীয় সময় বুধবার ভোরে তেহরানের পথে পথে মিছিল হয়েছে, স্লোগান হয়েছে। যুদ্ধ আপাতত থেমে যাবে, এমন সম্ভাবনায় উচ্ছ্বাস দেখা গেছে তেহরানের বাসিন্দাদের মধ্যে।