৮ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পি.এম

১০ মাইল যেতে ২ ঘণ্টা—এই দুর্ভোগ থেকে মুক্তি চাই: সংসদে মিলনের জোরালো দাবি

১০ মাইল যেতে ২ ঘণ্টা—এই দুর্ভোগ থেকে মুক্তি চাই: সংসদে মিলনের জোরালো দাবি

গাজীপুরের টঙ্গী-কালীগঞ্জ সড়কের নিত্যদিনের তীব্র যানজট ও জনদুর্ভোগের চিত্র এবার জাতীয় সংসদে তুলে ধরে ব্যাপক প্রশংসায় ভাসছেন গাজীপুর-৫ আসনের বিএনপি নির্বাচিত সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন।

বুধবার সংসদ অধিবেশনে দাঁড়িয়ে তিনি বলেন, “মাত্র ১০ মাইল সড়ক পাড়ি দিতে ২ ঘণ্টা লাগে—এই দুর্ভোগ থেকে মানুষকে মুক্তি দিতেই বাইপাস সড়ক এখন সময়ের দাবি।”জানা যায়, টঙ্গী থেকে কালীগঞ্জ পর্যন্ত প্রায় ১০ মাইল সড়কে নীমতলী (৩.২ কিমি), পূবাইল কলেজ গেট (৪.৩ কিমি), শিমলিয়ায় (২.৭ কিমি) ও দড়িপাড়া (২.৯ কিমি)—এই অল্প দূরত্বেই রয়েছে চারটি রেলক্রসিং।
এই লাইনে চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ও চাঁদপুর রুটের ট্রেন চলাচলের কারণে ঘন ঘন রেলগেট বন্ধ থাকায় সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে প্রতিদিন হাজারো মানুষকে কর্মঘণ্টা নষ্ট করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সংসদে মিলন প্রস্তাব দেন, টঙ্গীর নীমতলী এলাকা থেকে সড়কের ডান পাশ দিয়ে একটি বাইপাস সড়ক নির্মাণ করা হলে এই চারটি রেলগেট এড়িয়ে সহজেই যাতায়াত সম্ভব হবে। এতে কমবে যানজট, বাঁচবে মূল্যবান সময় এবং স্বস্তি ফিরবে জনজীবনে।

অন্যদিকে সংসদে তার দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে  তা দ্রুত ভাইরাল হয়ে যায়। গাজীপুরবাসী এতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “দীর্ঘদিনের বাস্তব সমস্যাটি সাহসের সঙ্গে তুলে ধরেছেন মিলন। তিনি জনগণের কষ্ট বুঝেন বলেই এমন সময়োপযোগী দাবি তুলেছেন।”

স্থানীয়দের মতে, টঙ্গী-কালীগঞ্জ সড়কের এই দুর্ভোগ নতুন নয়, তবে কার্যকর কোনো উদ্যোগ এতদিন চোখে পড়েনি। মিলনের এই প্রস্তাব বাস্তবায়িত হলে গাজীপুরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করছেন সবাই।

জনদুর্ভোগের বিষয়টি সংসদে তুলে ধরে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এমপি মিলন—এমন মন্তব্য এখন গাজীপুরজুড়ে।