ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় এবং উন্নয়ন কর্মকাণ্ডের রূপরেখা নিয়ে সরাসরি জনগণের মুখোমুখি হয়েছেন মানিকগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। রোববার (১২ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়ানপুর ইউনিয়নের আমতলী ফেদু সেক উচ্চ বিদ্যালয় মাঠে এক উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এ জিন্নাহ কবির ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ করে দিয়েছেন। জনগণের এই আমানত রক্ষায় আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমি কথা দিচ্ছি, মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের মাধ্যমে আপনাদের চাওয়া-পাওয়া এবং এলাকার দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে ইনশাআল্লাহ পাঁচ বছর সময় লাগবে না, তার আগেই বেশিরভাগ প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।"
বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আমলের দীর্ঘ সময়ে ঘিওর, দৌলতপুর ও শিবালয়ের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের মুখ দেখেনি। উন্নয়নের নামে যা হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে লুটপাট ও দুর্নীতি। এই অবহেলিত জনপদের প্রতিটি মানুষের কষ্টের কথা আমি ইতোমধ্যে মহান জাতীয় সংসদে উত্থাপন করেছি। আঞ্চলিক উন্নয়নের রূপরেখা তুলে ধরে সংসদ সদস্য আরো বলেন, নদী ভাঙন কবলিত এই জনপদকে রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ, জরাজীর্ণ রাস্তাঘাটের আধুনিকায়ন এবং বিশেষ করে কৃষকের ভাগ্য উন্নয়নে আমাদের সরকার বদ্ধপরিকর। আমাদের জননন্দিত জননেতা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই অঞ্চলকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল হিসেবে গড়ে তোলা হবে। খুব দ্রুতই আপনারা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন।"
সভায় এলাকার সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যার কথা সরাসরি সংসদ সদস্যের কাছে তুলে ধরেন এবং তিনি তা ধৈর্য সহকারে শুনে তা সমাধানের আশ্বাস দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল। দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস এবং মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।