২০ এপ্রিল ২০২৬, ১২:০৯ পি.এম

মিলনের নেতৃত্বে গাজীপুরে জনসমুদ্র, বগুড়ার পথে তারেক রহমানকে ঐতিহাসিক অভ্যর্থনা

মিলনের নেতৃত্বে গাজীপুরে জনসমুদ্র, বগুড়ার পথে তারেক রহমানকে ঐতিহাসিক অভ্যর্থনা


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ার পথে যাত্রা করেন তারেক রহমান।  সোমবার (২০ এপ্রিল)ভোরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা দিলে গাজীপুর অংশজুড়ে তাকে ঘিরে সৃষ্টি হয় নজিরবিহীন জনসমাগম—যার কেন্দ্রবিন্দুতে ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন।


তারেক জিয়ার গাড়ি বহরের অপেক্ষায় টঙ্গী থেকে ভোগড়া বাইপাস সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড ও তারেক রহমানের ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন ঘণ্টার পর ঘণ্টা। 

আর এই বিশাল জনসমাগমকে সুশৃঙ্খল ও শক্তিশালী রূপ দিতে সামনে থেকে নেতৃত্ব দেন মিলন, যা পুরো সফরকে এনে দেয় ভিন্ন মাত্রা। এর আগেও কৃষি কার্ড বিতরণ উদ্বোধন করতে টাঙ্গাইল যাওয়ার পথে মিলনের নেতৃত্বে একই ঘটনা ঘটে।

গাজীপুরে প্রবেশের পর প্রধানমন্ত্রীর গাড়িবহর ধীরগতিতে অগ্রসর হলে জনতার উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। গাড়ির জানালা খুলে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। অনেক জায়গায় নেতাকর্মীদের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করতেও দেখা যায় তাকে। মুহূর্তেই সড়কপথ পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।


এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হাসান সরকার, সিটি প্রশাসক শওকত হোসেন সরকার ও গাজীপুর-২ আসনের বিএনপি থেকে নির্বাচিত এম মঞ্জুরুল করিম রনি। তারা সড়কের পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে অভ্যর্থনা জানান এবং দলীয় শক্তির ঐক্যবদ্ধ প্রদর্শন ঘটান।

দলীয় সূত্র জানায়, এই বিশাল আয়োজনের পেছনে কয়েকদিন ধরে নিরলস প্রস্তুতি নেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একে এম ফজলুল হক মিলন। তার সরাসরি তদারকি ও নেতৃত্বেই গাজীপুর অংশের অভ্যর্থনা পরিণত হয় সফরের সবচেয়ে বড় আকর্ষণে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়ায় পৌঁছে বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পর আজ সন্ধ্যায়ই ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

গাজীপুরে এদিনের এই অভ্যর্থনা শুধু একটি সফর নয়—বরং রাজনৈতিক শক্তি, জনসম্পৃক্ততা ও নেতৃত্বের এক শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে মিলনের ভূমিকাই ছিল সবচেয়ে উজ্জ্বল বলে জানিয়েছেন গাজীপুরবাসী।