২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পি.এম

গাজীপুরে হাম-রুবেলা টিকাদান শুরু: শিশু সুরক্ষায় সর্বাত্মক কর্মসূচি

গাজীপুরে হাম-রুবেলা টিকাদান শুরু: শিশু সুরক্ষায় সর্বাত্মক কর্মসূচি
 শিশুদের প্রাণঘাতী হাম-রুবেলা থেকে সুরক্ষিত রাখতে গাজীপুরে শুরু হয়েছে ব্যাপক টিকাদান অভিযান। নগরজুড়ে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে গৃহীত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা একযোগে স্বাস্থ্য সুরক্ষার এই উদ্যোগকে সফল করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
 
সোমবার (২০ এপ্রিল)নগরীর জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ সূচনা করেন। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা।
 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “হাম-রুবেলা একটি মারাত্মক সংক্রামক রোগ, যার প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে পারলে আমরা একটি সুস্থ ও নিরাপদ প্রজন্ম নিশ্চিত করতে পারব।”
 
সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রতিটি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শিশুস্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগকে সফল করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।