চাঁদা না পেয়ে রাস্তা বন্ধ, ছাদ ডিঙিয়ে জীবনের ঝুঁকিতে ১০ পরিবার
গাজীপুর সিটি করপোরেশনের উত্তর খাইলকুর এলাকায় চাঁদা না দেওয়ার অভিযোগে একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনায় ভয়াবহ মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। নিরাপদ পথ হারিয়ে অন্তত ১০টি পরিবার এখন কার্যত অবরুদ্ধ জীবন কাটাচ্ছে—যেখানে প্রতিদিনের যাতায়াতই হয়ে উঠেছে জীবনসংকটের আরেক নাম।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, নারী, শিশু ও বয়োবৃদ্ধসহ এসব পরিবারের সদস্যরা বাধ্য হয়ে ঘরের চাল বেয়ে মই দিয়ে চলাচল করছেন। সামান্য ভুল পা ফসকালেই ঘটতে পারে মর্মান্তিক দুর্ঘটনা,এমন আতঙ্ক নিয়েই দিন কাটছে তাদের। ভুক্তভোগীদের অভিযোগ, কয়েক বছর আগে প্রবাসী সাইফুল ইসলাম বৈধভাবে জমি ক্রয় করেন এবং সেই জমির সঙ্গে সংযুক্ত একটি সরু রাস্তা দীর্ঘদিন ধরে স্থানীয়দের যাতায়াতের একমাত্র পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি প্রতিবেশী নিলু চান খান হঠাৎ করেই সেই পথ বন্ধ করে দেন।
অভিযোগ উঠেছে, ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রভাব খাটিয়ে পরিকল্পিতভাবে এই অবরোধ সৃষ্টি করা হয়েছে। গত দুই দিন ধরে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরিবারগুলো। স্বাভাবিক চলাচল বন্ধ থাকায় শিশুদের স্কুলে যাওয়া, কর্মজীবীদের কর্মস্থলে পৌঁছানো ও নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম প্রায় স্থবির হয়ে পড়েছে। ছাদ টপকে ঝুঁকিপূর্ণ চলাচলই এখন তাদের একমাত্র ভরসা।
ঘটনার প্রতিবাদে ভুক্তভোগীরা গাছা থানায় এবং সিটি করপোরেশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে দ্রুত রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধনও করেছেন এলাকাবাসী। তবে অভিযোগ, এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। গাছা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষের সঙ্গে কথা বলা হয়েছে ও রাস্তা খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অবরুদ্ধ সেই পথ এখনো বন্ধই রয়েছে—আর ঝুঁকির মধ্যে দিন গুনছে ১০টি পরিবার।