৯ মে ২০২৬, ০২:১৭ পি.এম

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রামে নিহত ৪

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রামে নিহত ৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের ফোর সিজন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। নিহতরা হলেন— মুহাম্মদ নাইম (২৩), নাইমুল ইসলাম জিহাদ (২৪), রেহানা আক্তার ও মনির আহমদ(২৫)। নিহতদের মধ্যে নাইমুল ইসলাম জিহাদ বিজিবি সদস্য বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন— মুহাম্মদ মাসুম (৩০), আরাফাত (২২), দ্বীপ দত্ত (৩০) ও রিয়াজ (২৮)সহ আরও অনেকে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় আহত কয়েকজনের হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। একাধিক আহতের ডান পা ভেঙে গেছে এবং অনেকের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

গুরুতর আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে ট্রমা সেন্টারে আনা হয়। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. তাসফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা দুটি যাত্রীবাহী বাস ফোর সিজন এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রমা সেন্টার এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।