ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের রাতে ইতিহাস গড়েছে আল নাসর। সৌদি প্রো লিগে আল অখদুদকে ২-০ গোলে হারিয়ে টানা ১৪ ম্যাচ জয়ের নতুন ক্লাব রেকর্ড গড়েছে রিয়াদভিত্তিক দলটি। শনিবার রাতের ম্যাচে রোনালদোর পাশাপাশি গোল করেন তার পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স। ম্যাচটি দলীয় ও ব্যক্তিগত দুই দিক থেকেই ছিল তাৎপর্যপূর্ণ।এই ম্যাচে গোল করে নিজের ক্যারিয়ারের ৯৬৮তম গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো, যা তার অনবদ্য ধারাবাহিকতার আরেকটি প্রমাণ।
জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে আল নাসর। ২৮ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৭০ পয়েন্ট, যা দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল-এর চেয়ে ৫ পয়েন্ট বেশি। মৌসুমে বাকি রয়েছে আর ছয়টি ম্যাচ।
সবচেয়ে বড় অর্জন, এই জয়ের মধ্য দিয়ে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো টানা ১৪ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে দলটি। শিরোপা দৌড়ে এই ধারাবাহিকতা তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
তবে সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। পরের ম্যাচে আল ইত্তিফাকের বিপক্ষে মাঠে নামার পর শীর্ষ চারের দলগুলোর সঙ্গে লড়াই করতে হবে আল নাসরকে। প্রতিপক্ষ তালিকায় রয়েছে তিন নম্বরে থাকা আল আহলি, চারে থাকা আল কাদিসিয়াহ এবং দুই নম্বরে থাকা আল হিলাল।
এদিকে ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল রোনালদো। ২৪ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন তিনি। তার ওপরে রয়েছেন জুলিয়ান কুইনোনেস (২৬ গোল) এবং শীর্ষে ইভান টোনি (২৭ গোল)। টানা তৃতীয়বার গোল্ডেন বুট জিততে হলে শেষ ম্যাচগুলোতে ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে হবে তাকে।
শিরোপার পথে এগিয়ে থাকলেও এখনই নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই আল নাসরের। তবে রোনালদোর অভিজ্ঞতা এবং দলের বর্তমান ছন্দ ধরে রাখতে পারলে বহু প্রতীক্ষিত লিগ শিরোপা জয়ের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে পারে।

