logo
ads

পূবাইলে রাতের আঁধারে মসজিদ কমিটি: ‘ফ্যাসিস্ট পুনর্বাসন’-এর অভিযোগে তোলপাড়

বিশেষ প্রতিনিধি

প্রকাশকাল: ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পি.এম
পূবাইলে রাতের আঁধারে মসজিদ কমিটি: ‘ফ্যাসিস্ট পুনর্বাসন’-এর অভিযোগে তোলপাড়

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল বাজার জামে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।

অভিযোগ উঠেছে—শুক্রবার এশার নামাজের পর রাতের আঁধারে বালু নদীর পাড়ের একটি চা দোকানে গোপন বৈঠক করে বিএনপির কয়েকজন নেতা একটি কমিটি গঠন করেন, যেখানে পূর্বের ‘ফ্যাসিস্ট’ ও বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই মসজিদের কমিটি গঠনের বিষয়ে সাধারণ মুসল্লি, বাজারের ব্যবসায়ী কিংবা এলাকাবাসীর মতামত নেওয়া হয়নি। হঠাৎ করেই গোপনে কমিটি ঘোষণা করা হলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

অভিযোগে স্থানীয়রা উল্লেখ করেন, বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার দেওয়ান, সাধারণ সম্পাদক আল আমিন এবং যুবদল নেতা পনির হোসেনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের বিরুদ্ধে পূর্বের বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ তোলা হয়েছে।

পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, “আমি বাজার কমিটির আহ্বায়ক হিসেবে একটি অস্থায়ী কমিটি গঠন করেছি। পরবর্তীতে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলনকে জানিয়ে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।” তবে তার এই বক্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পূবাইল বাজারের ব্যবসায়ী আফজাল হোসেন বলেন, “আমাদের অগোচরে রাতের আঁধারে নদীর পাড়ে বসে কমিটি করা হয়েছে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিতর্কিত লোকদের রেখেই এই কমিটি করা হয়েছে।”

এদিকে ক্ষুব্ধ মুসল্লি ও ব্যবসায়ীরা হারুন অর রশিদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করলে বাজারে উত্তেজনা চরমে ওঠে। প্রতিবাদের মুখে তিনি দ্রুত এলাকা ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে ঘোষণা দিয়ে জানানো হয়—আগামী বুধবার জোহরের নামাজের পর সকল মুসল্লির উপস্থিতিতে উন্মুক্তভাবে নতুন কমিটি গঠন করা হবে।

স্থানীয় সচেতন মহল বলছে, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের মতো স্পর্শকাতর জায়গায় গোপনে কমিটি গঠন ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি জনমনে প্রশ্ন তৈরি করেছে। তারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

ঘটনাটি ঘিরে পুরো পূবাইল এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ