- হোম
- গ্রামবাংলা
- গাজীপুরে র্যাবের অভিযান ;১১৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
-
গাজীপুরে র্যাবের অভিযান ;১১৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি
প্রকাশকাল: ২১ জানুয়ারি ২০২৬, ০১:১৯ পি.এম
গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে বড় সাফল্য অর্জন করেছে র্যাব-১। বুধবার(২১ জানুয়ারি) গভীর রাতে পরিচালিত অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার পাশাপাশি অভিযানে দুটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল স্কেল জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, বুধবার (২১ জানুয়ারি) ভোররাতে বিশ্বস্ত সোর্স, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর মহানগরীর গাছা থানার বোর্ডবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে পূর্ব কলমেশ্বর এলাকার একটি ভাড়া বাসা থেকে মোছাঃ সালমা আক্তার (২৯) নামে ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে আসা গাঁজা সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত সালমা আক্তারের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমাণ ও তথ্যপ্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। র্যাবের এই অভিযানকে গাজীপুরে মাদক বিরোধী চলমান অভিযানে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।