গাজীপুরে ১০ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি
প্রকাশকাল: ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১০ পি.এম
গাজীপুরে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১২ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে টঙ্গী পূর্ব থানার হিমারদিঘী আমতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর হিমারদিঘী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার আওলাকান্দা গ্রামের হাবি মিয়ার মেয়ে মিতু আক্তার (২৪) এবং পঞ্চবটি গ্রামের সিরাজ মিয়ার মেয়ে শারমিন (১৯)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এই দুই নারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া টঙ্গী পূর্ব থানায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।