logo
ads

টঙ্গীতে প্রধানমন্ত্রীর বহরের সামনে মানবপ্রাচীর, নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে জনসমাগম

বিশেষ প্রতিনিধি

প্রকাশকাল: ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পি.এম
টঙ্গীতে প্রধানমন্ত্রীর বহরের সামনে মানবপ্রাচীর, নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে জনসমাগম

গাজীপুরের টঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর গাড়িবহরের সামনে মানবপ্রাচীর গড়ে তোলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলগামী পথে এ কর্মসূচি পালন করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সকাল থেকেই টঙ্গীর বিআরটি প্রকল্পের উড়াল সড়কের স্টেশন রোডসহ মহাসড়কের দুই পাশে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন বিপুলসংখ্যক নেতাকর্মী। সকাল পৌনে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর সেখানে পৌঁছালে তারা স্লোগান দিতে থাকেন এবং একপর্যায়ে সড়কের সামনে মানবপ্রাচীর গড়ে তুলে নূরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এ সময় স্লোগান ও জনসমাগমে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, দীর্ঘদিন ধরে কারাবন্দী এ প্রবীণ রাজনীতিকের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করে দ্রুত মুক্তি দিতে হবে। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, “নূরুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে কারাবন্দী রয়েছেন। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।”
এ সময় নূরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনূর ইসলাম রনিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফরকে ঘিরে সকাল থেকেই গাজীপুরজুড়ে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মহাসড়কের টাঙ্গাইলমুখী পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেদের দাবিও তুলে ধরেন। প্রধানমন্ত্রীর বহরে থাকা একটি বাস থেকে তিনি হাত নেড়ে উপস্থিতদের শুভেচ্ছার জবাব দেন। নেতাকর্মীদের ভাষ্য, নূরুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে একটি বিতর্কিত মামলায় কারাবন্দী রয়েছেন, যা নিয়ে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। তারা দাবি করেন, রাজনৈতিক কারণে তাকে এ মামলায় জড়ানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ