গাজীপুর মহানগরের টঙ্গীতে অপহরণের ঘটনায় দ্রুততম সময়ে সফল অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। প্রযুক্তিনির্ভর তৎপরতায় মাত্র একদিনের ব্যবধানে অপহরণকারীদের শনাক্ত করে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, মহানগরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে অপহৃত জাকির হোসেনকে (৪০) উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ৫ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— রফিকুল ইসলাম (৩৬), ফজলে রাব্বি (২৬), রেজাউল ইসলাম হৃদয় (৩১), সেলিম রেজা (৩৭) ও সানজিদা আক্তার রুপা (৩৫)।
পুলিশ জানায়, রোববার (১৮ এপ্রিল) ভুক্তভোগীর ছোট ভাই মো. শাকিল মিয়া (২৭) টঙ্গী পশ্চিম থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলাসূত্রে জানা যায়, দক্ষিণ আরিচপুর এলাকায় আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর থেকে ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি জাকির হোসেনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
ঘটনার পরপরই টঙ্গী পশ্চিম থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে। একপর্যায়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করা হয় ও অপহরণে জড়িতদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃতরা গাজীপুরের বিভিন্ন এলাকায় অবস্থান করে পূর্বপরিকল্পিতভাবে অপহরণের ঘটনা ঘটায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৬৫/৩৬৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

