কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার একটি দুর্গম পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম। নিহতরা হলেন- একই এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)। জানায়, সকালে স্থানীয় শ্রমিকরা পাহাড়ের পূর্ব পাশে কাজ করতে গিয়ে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে বিষয়টি পুলিশকে জানায়।
নিহত রবির বাবা রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার ছেলেকে শনাক্ত করেন।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

