logo
ads

টঙ্গীতে ডিবির ওপর হামলা ব্যর্থ: সাউন্ড গ্রেনেটে ছত্রভঙ্গ, আটক ৭

বিশেষ প্রতিনিধি 

প্রকাশকাল: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পি.এম
টঙ্গীতে ডিবির ওপর হামলা ব্যর্থ: সাউন্ড গ্রেনেটে ছত্রভঙ্গ, আটক ৭

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে ডিবি পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এই হামলা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।  আকস্মিক আক্রমণের মুখেও দৃঢ় অবস্থান নিয়ে কৌশলগতভাবে সাউন্ড গ্রেনেট ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ৭ মাদক কারবারিকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে টঙ্গী পূর্ব থানার হিমারদীঘি আমতলী কেরানীরটেক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পুলিশ কমিশনার মোঃ আছাবুর রহমানের নেতৃত্বে ডিবির উত্তর ও দক্ষিণ বিভাগের যৌথ টিম চিহ্নিত মাদক কারবারি রুনা আক্তারের বাসার সামনে পৌঁছালে সংঘবদ্ধ দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা ডিবি সদস্যদের ওপর কিল-ঘুষি ও মারধর করে আহত করে। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় চারটি সাউন্ড গ্রেনেট বিস্ফোরণ ঘটানো হলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়। তবে অভিযানের মূল হোতা রুনা আক্তারসহ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।আহত পুলিশ সদস্যদের দ্রুত উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই এই ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা করা হয়েছে—যেখানে হামলার মুখেও পিছু না হটে সফলতা নিশ্চিত করেছে ডিবি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ