বিশ্বমানের গবেষণা ও শিক্ষার স্বীকৃতিতে নতুন ইতিহাস গড়ল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং ২০২৬-এর লাইফ সায়েন্স (জীববিজ্ঞান) ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাকৃবি। একই সঙ্গে রিসার্চ কোয়ালিটি সূচকে সর্বোচ্চ ৬৯.৫ স্কোর অর্জন করে দেশের সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যেও শীর্ষ অবস্থান নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়টি।
বুধবার (২১ জানুয়ারি) টিএইচই-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, আন্তর্জাতিক পর্যায়ে ৬০১-৮০০তম অবস্থানে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এবারের র্যাঙ্কিংয়ে বিশ্বের ৯৮টি দেশের ১২১১টি বিশ্ববিদ্যালয়—পশুচিকিৎসা বিজ্ঞান, জীববিজ্ঞান, কৃষি ও বনবিদ্যা এবং ক্রীড়া বিজ্ঞান—এই চারটি প্রধান শাখায় মূল্যায়নের আওতায় আসে। এই ঐতিহাসিক অর্জনে সন্তোষ প্রকাশ করে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন,
“টিএইচই-এর লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। এ সাফল্য আমাদের গবেষণার আন্তর্জাতিক মান, দায়বদ্ধতা ও স্বচ্ছতার সুস্পষ্ট স্বীকৃতি। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ বিশ্ববিদ্যালয়ের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন,“গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি কৃষি, জীববিজ্ঞান ও টেকসই উন্নয়নে বাংলাদেশের অগ্রযাত্রার নেতৃত্বদানকারী একটি মানবিক গবেষণা কেন্দ্র। এই সাফল্য আত্মতুষ্টির নয়—বরং ভবিষ্যতে আরও উন্নত গবেষণা, উদ্ভাবন ও মানবকল্যাণে কাজ করার অনুপ্রেরণা।”
উল্লেখ্য, এর আগেও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস সাসটেইনেবিলিটি ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে। পাশাপাশি টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতেও দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে গাকৃবি। এছাড়া ইউআরআই র্যাঙ্কিং ২০২৫-এ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭৭তম স্থান অর্জন করে জাতীয়ভাবে প্রথম হয় বিশ্ববিদ্যালয়টি।
প্রসঙ্গত, টিএইচই সাবজেক্ট র্যাঙ্কিং ২০২৬-এ বাংলাদেশ থেকে মোট ৯টি সরকারি ও ১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেলেও সর্বোচ্চ অর্জনের মুকুটটি উঠেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মাথায়—যা দেশের উচ্চশিক্ষা ও গবেষণার জন্য এক অনন্য মাইলফলক।

