logo
ads

আন্তর্জাতিক স্বীকৃতিতে গাকৃবি ভিসি

বিশেষ প্রতিনিধি

প্রকাশকাল: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২২ পি.এম
আন্তর্জাতিক স্বীকৃতিতে গাকৃবি ভিসি

বাংলাদেশের কৃষি গবেষণা ও মৃত্তিকা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। 

এ অর্জন দেশের কৃষি ও পরিবেশভিত্তিক গবেষণাকে বিশ্বপরিসরে আরও শক্ত অবস্থানে তুলে ধরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে এ সম্মাননা তুলে দেন।

ওই একই অনুষ্ঠানে কৃষি, শিক্ষা, শিল্প, সাহিত্য ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা মোট ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ড. মোস্তাফিজুর রহমান বলেন, এই স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের কৃষি গবেষণা ও জ্ঞানচর্চার আন্তর্জাতিক স্বীকৃতি। টেকসই কৃষি উন্নয়ন, মৃত্তিকা স্বাস্থ্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গবেষণাভিত্তিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পরিবেশগত মৃত্তিকা বিজ্ঞানে খ্যাতিমান এই গবেষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে জাপানের চিবা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 

জানা যায়,তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্প দেশের টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, ইউএসএইড, ড্যানিডা ও বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থার সহায়তায় পরিচালিত এসব কার্যক্রম ইতোমধ্যে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

বাংলাদেশে ২০১৬ সাল থেকে প্রতি দুই বছর অন্তর এই সম্মাননা প্রদান করা হচ্ছে, যা কৃতী ব্যক্তিদের অনুপ্রাণত করার পাশাপাশি নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করছে।

উল্লেখ্য, ‘হুজ হু’ বিশ্বের গুণীজনদের অবদান সংরক্ষণ ও স্বীকৃতি প্রদানের একটি ঐতিহ্যবাহী আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ